নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর,২০২৪ :-

পৃথিবীর অষ্টম আশ্চর্য গুলোর মধ্যে অন্যতম হল আগ্রার তাজমহল। ঐতিহাসিক মোঘল সাম্রাজ্যের আমলে এটি স্থাপিত হয়। তাজমহলের টানে প্রতিবছর পর্যটকদের ভিড় উপচে পড়ে। আর সেই তাজমহলের ছাদের গা বেয়ে জল পড়ছে অনবরত। এই খবরে শোরগোল শুরু হয়, তবে কি কোথাও তাজমহল রক্ষণাবেক্ষণে দায়সারা ভাব লক্ষ্য করা যাচ্ছে!
জানা যাচ্ছে, আগ্রায় গত তিনদিন ধরে প্রবল বর্ষণের ফলে তাজমহলের গম্বুজের ছাদে একটা ফুটো মতন হয়েছে। আর তার ফলেই ছাদের গা বেয়ে জল পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই ফাটলকে ক্যাপিলারি ক্র্যাক বা হেয়ার ক্র্যাক বলা হয়।
এই বিষয়ে এএসআই কর্তারা জানিয়েছেন তারা ড্রোন ক্যামেরা ব্যবহার করে কী হচ্ছে ব্যাপারটি দেখেছেন। দেখা গেছে, বৃষ্টির জলের দরুন একটি ফাটল মতন হয়েছে। আর তার জন্যই জল গড়িয়ে আসছে। তবে এর ফলে, তাজমহলের পরিকাঠামোগত কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। যত দ্রুত সম্ভব এই ফাটল মেরামতের কাজ শুরু করা হবে।
যেহেতু, তাজমহলের সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষের পদধূলি পড়ে, সেইসাথে প্রত্যেক বছর কোটি কোটি মুদ্রা আয় করে ভারত সরকার, তাই তারপরেও তাজমহল রক্ষণাবেক্ষণ ও তদারকিতে এই দায়সারা ভাব স্বাভাবিক প্রশ্ন তুলে দিয়েছে।