রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ : আহত ৩ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ ফেব্রুয়ারি’২০২০ :-

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তাল তুফানগঞ্জ। শুক্রবার রাতে তুফানগঞ্জের ১নং ব্লকের বলরামপুর ২নং গ্রাম পঞ্চায়েতের শৌলধুকরী এলাকায় বিজেপি ও তৃনমূলের সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের তিনজন। এছাড়াও দুই পক্ষের চারটি গাড়ি ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টা নাগাদ ওই এলাকার একটি ক্লাবের সামনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তুফানগঞ্জ থানার পুলিশ।
বিজেপির অভিযোগ, স্থানীয় একটি ক্লাব ও বিজেপির পক্ষ থেকে শিব যাত্রা উপলক্ষে ওই এলাকায় শিব লিঙ্গ নির্মাণের কাজ শুরু করা হয়। সেই সময় তৃণমৃলের দুষ্কৃতীরা বাঁশ, লাঠি এমনকি বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।
বিজেপির দাবি, এই হামলার ফলে তাদের দুজন কর্মী গুরুতর আহত হয়েছেন। রাতেই আহত কর্মীদের কোচবিহার হাসপাতালে নিয়ে আসার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
বর্তমানে আহত দুই বিজেপি কর্মী কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব।
তাদের পাল্টা দাবি, বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় ও বাইক ভাঙচুর করে। এই ঘটনায় তাদের এক কর্মী আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের। বর্তমানে সেই আহত কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!