নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি’২০২০:-

করোনা ভাইরাস আতঙ্ক এবার শিলিগুড়িতেও ! শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা মোহাম্মদ শফিকুল রহমান (৩৫) জ্বর সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন উপসর্গ নিয়ে
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। করোনা ভাইরাসের কথা ভেবে তাকে রাখা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলোশন ওয়ার্ডে। বর্তমানে সে সিঙ্গাপুরে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে বলে জানা গেছে। তার দাদা নিহার আলম জানান ১০ দিন আগে মোহাম্মদ শফিকুল রহমান সিঙ্গাপুর থেকে বাড়িতে ফেরে। তারপর থেকেই গা কেঁপে জ্বর, সর্দি, মাথাব্যথা এমনকি ডায়রিয়া দেখা দিয়েছে তার। এই অবস্থায় অন্য কিছু চিন্তাভাবনা না করেই তারা শফিকুল রহমানকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করান। তার চিকিৎসায় থাকা সকল চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা তার দিকে বিশেষ নজর রেখেছেন। যেহেতু বিগত চার পাঁচ দিন যাবত নানান উপসর্গ নিয়ে সে ভুগছে, সেই কারণে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কোনোরকম ঝুঁকি নিতে নারাজ।
এই বিষয়ে হাসপাতাল সুপার কৌশিক সমাজদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। তেমন কোন ভয়াবহ সন্দেহজনক পরিস্থিতি নেই। সব রকম পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি বলা যাবে। রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার সমস্ত রকম চিকিৎসা চলছে বলে তিনি জানান।