নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের। বৃহস্পতিবার রাত ১২:৩০ টা নাগাদ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের ডিমডিমা চা বাগানের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। গুরুতর আহত অবস্থায় একজনকে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৎক্ষনাৎ শিলিগুড়ি পাঠানো হয় তাকে।
মৃতরা হলেন বীরপাড়া ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা মাছ ব্যবসায়ী আশরাফ আলি,ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা সাইকেল দোকানের কর্মী বরুন সরকার, বিরবিটি কলোনীর বাসিন্দা মাছ ব্যবসায়ী মনোজ সাহ, শান্তিনগর কলোনীর বাসিন্দা গ্রীল দোকানের কর্মী মিঠুন দাশ এবং শান্তিনগর কলোনীর বাসিন্দা গ্রীল দোকানের কর্মী সঞ্জয় বিশ্বাস। প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। গুরুতর আহত অবস্থায় শান্তিনগর কলোনীর বাসিন্দা শিবু মন্ডলকে বর্তমানে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি ছোটো গাড়ি করে শিলিগুড়িতে এক বিয়ে বাড়িতে যাচ্ছিল ওই ৬ জন। একটি পাথর বোঝাই ডাম্পার সামনে যাচ্ছিল। ডাম্পারের পেছনে ছোটো গাড়িটি ধাক্কা মারলে ডাম্পারের পেছনের চাকার এক্সেল খুলে গিয়ে ডাম্পার প্রায় ২০ মিটার নিচে নেমে যায় এবং এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।