ডাম্পারের ধাক্কায় পথদুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী যুবকের, আহত মৃতের দিদি ও ভাগ্নী : মৃতদেহ পথে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি’২০২০ :-

ডাম্পারের ধাক্কায় পথদুর্ঘটনায় মৃত যুবকের মৃতদেহকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। রবিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের বারোবিষা সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বছর ২২ এর এক যুবকের। তারপর থেকে মৃতদেহকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবী, যতক্ষণ পর্যন্ত না এইসব ডাম্পারের রাস্তা চলাচলে নিয়ন্ত্রণ আনার ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ তারা মৃতদেহকে নিয়ে যেতে দেবেন না।
প্রসঙ্গত, রবিবার ঝন্টু বর্মন নামে এক ডেকরেটর্স কর্মী তার দিদি ও ভাগ্নী কে নিয়ে পলিকার মেলা দেখতে গিয়েছিল। জানা গেছে, ফেরার সময় সংকোশ নদীর ব্রিজের সামনে বালু পাথর পরিবহনকারী একটি ডাম্পার দ্রুতগতিতে এসে তার বাইকে ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক সহ বাকি দুজন। এরপর ডাম্পারের চালক ওই যুবকের ওপর দিয়ে ডাম্পার চালিয়ে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ঝন্টু বর্মনের মৃত্যু হয়েছে এবং মৃতের দিদি ও ভাগ্নী(শিশু) কে আহত অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ ঘিরে বিক্ষোভ শুরু করেন বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!