নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ ফেব্রুয়ারি’ ২০২০ :-

আলিপুরদুয়ারের আসন্ন পুরসভা ভোটের আগে সাধারন নাগরিকদের আকর্ষন করতে অভিনব প্রচার জাতীয় কংগ্রেসের। পুরভোটে জনগণের আওয়াজ তুলে ধরার জন্য দুই মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করল কংগ্রেস। একইভাবে আলিপুরদুয়ার শহরের নাগরিকদের কাছে এরকম ভিডিও বার্তা তৈরি করার জন্য আবেদন করা হয়েছে। যার ভিডিও বার্তাটি সবথেকে বেশি আকর্ষনীয় হবে তাকে নগদ পুরস্কারের এবং শৈলশহর দার্জিলিং এ ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় কংগ্রেস। মঙ্গলবার, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ভিডিও বার্তা প্রকাশ করেন আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ। এদিন সাংবাদিক সন্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি গজেন বর্মন সহ বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সাংবাদিক বৈঠকে যুবকংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ জানান, আলিপুরদুয়ার পুরসভা গত দেড় বছর ধরে শাসকদলের অধীনে চলছে। পুরসভার পরিষেবা বেহাল হয়ে আছে। পুরসভায় উন্নয়নে যে সমস্ত খামতি ও অভিযোগ উঠে আসছে সেগুলোকে সামনে রেখে ভোট ময়দানে নামতে চলেছে কংগ্রেস।
তিনি বলেন, আমিও চেয়ারম্যান, আমার স্বপ্ন এবং অভিযান নিয়ে দুটি ভিডিও আজ শুভ উদ্ধোধন করা হল। শাসক দল তৃনমুল কংগ্রেসের আমলে শহরের কোন উন্নয়ন হয়নি। এখানে বিজেপি কোন ফ্যাক্টর নয়। ওরা ধর্মের নামে রাজনীতি করছে। তাই পুরসভার সাধারন সমস্যা গুলোকে সামনে রেখে আমরা সাধারন মানুষের কাছে যাব।
তিনি এ ব্যাপারে সোস্যাল মিডিয়াকেও ব্যাবহার করবেন বলেছেন। তিনি আশাবাদী যে এই অভিনব বিষয়টি আলিপুরদুয়ারবাসী বুঝবেন। এমনকি, এই ভিডিও দুটিও বেশ সাড়া পড়বে বলে তিনি আশা করছেন। শহরবাসীকেও একইভাবে দুই মিনিটের ভিডিও বার্তা তৈরি করার আবেদন জানানো হয়েছে। যার ভিডিও সব থেকে বেশি আকর্ষিত হবে তাকে নগদ দশ হাজার টাকা পুরষ্কার এবং শৈলশহর দার্জিলিং এ ভ্রমনের প্রস্তাব দেওয়া হয়েছে।
আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের সভাপতি শান্তনু দেবনাথ বলেন, “আমরা চাইছি পুরভোটে পুর এলাকার নাগরিকদের আওয়াজ উঠুক। সেই কারনে এই ভিডিও বার্তা তৈরি করার উৎসাহ দিতে পুরষ্কার ঘোষনা করা হয়েছে।”
২০১৮ সালের ২১ অক্টোবর আলিপুরদুয়ার পুরসভার মেয়াদ শেষ হয়ে যায়। তারপর আলিপুরদুয়ার পুরসভার দায়িত্বে বসানো হয়েছে আলিপুরদুয়ারের মহকুমা শাসক কৃষ্ণ ঘোষকে। পুরসভার প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুরসভার ভোট হবে জেনে আলিপুরদুয়ারে ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
এই অবস্থায় অভিনব কায়দায় প্রচার করায় আলিপুরদুয়ার পুরভোটে কংগ্রেস প্রচারের দিক থেকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছে বিভিন্ন মহল। তৃণমূল বিজেপি অবশ্য কংগ্রেসের এই অভিনব প্রচারকে আমল দিতে নারাজ।