নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

এক দুই লক্ষ নয়, প্রায় ১০ কোটি টাকার প্রতারণা।
বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে প্রতারনা। গ্ৰেফতার হলেন প্রাথমিক শিক্ষক। বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্ৰেফতার হলেন কুমারগ্রাম ব্লকের বারবিশা লস্করপাড়া এলাকায় বাসিন্দা পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক পার্থ সরকার। বুধবার বিকেলে
কুমারগ্রাম থানার বারবিশা আউটপোস্টের পুলিশ অভিযুক্ত পার্থ সরকারকে তার বাড়ি থেকে গ্ৰেফতার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বাবা-মাকেও গ্ৰেফতার করে পুলিশ। পার্থ সরকারের বাবাও একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়ি কুমারগ্রাম ব্লকের বারবিশা লস্করপাড়া এলাকায়। বুধবার বিকেলে অভিযুক্ত তিনজনকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত প্রাথমিক স্কুল শিক্ষক পার্থ সরকার বহু মানুষকে প্রাথমিক শিক্ষক ছাড়াও বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
পরবর্তীতে তিনি চাকরির ব্যবস্থা করে দিতে পারেননি এবং টাকাও ফেরৎ দেননি বলেও অভিযোগ তার দিকে।
প্রতারিত ব্যক্তিরা এবিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে নড়েচড়ে বসে কুমারগ্রাম থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার জনিয়েছেন “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে।”