নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ :-

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার সুদ্ধ ডুবে গেল ১৯ বছরের এক তরতাজা প্রাণ! ট্রলারের বদ্ধ কেবিন থেকে বের করা হলো নিথর দেহ। শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশী!
গত বুধবার, ১৭ জন মৎস্যজীবী একটি ট্রলার, কাকদ্বীপ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়।
১৭ জন মৎস্যজীবীর মধ্যে সবচেয়ে ছোট ছিল কাকদ্বীপের মাইতি চকের বাসিন্দা ১৯ বছরের সৌরভ দাস। বয়সে ছোট হলেও, অভাব যেন ছোট থেকেই তাকে সংসারের হাল ধরার জন্য মানসিক দিক থেকে অনেকটাই বড় করে তুলেছিল। সৌরভের স্বপ্ন ছিল সংসারের হাল ধরে একটু স্বাচ্ছন্দ্য আনার, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই মাঝ সমুদ্রে ইলিশ মাছ ধরতে যাওয়া, সেই মাছ ধরতে যাওয়াই যেন কাল হলো!
বুধবার রওনা দেওয়া ট্রলারটি, শুক্রবার হঠাৎ দুপুর ২ টার সময় আচমকা টর্নেডোর কবলে পড়ে। এদিকে ট্রলারটি তাল সামলাতে না পেরে ডুবতে থাকে, যদিও ৮ জন মৎস্যজীবী কোন মতে সাঁতরে প্রাণে বাঁচে, তবে বাকি ৯ জন ট্রলার থেকে বেরোতে পারেননি। গত শনিবার ট্রলারটি পাড়ে নিয়ে আসার পরে ট্রলারের বদ্ধ কেবিন থেকে উদ্ধার হয় ১৯ বছরের সৌরভ দাসের নিথর দেহ।
মৃত সৌরভ দাসকে কাকদ্বীপের মাইতি চকের বাড়িতে নিয়ে এলে পরিবারের সবাই শোকাহত হয়ে পড়ে, সাথে প্রতিবেশীরাও। জানা যাচ্ছে, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার মৃত সৌরভ দাসের বাড়িতে আসেন সমবেদনা জানাতে, এছাড়া রাজ্য সরকার কর্তৃক আর্থিক ক্ষতিপূরণ পরিবারের হাতে তুলে দেন তিনি।