নাগরিকত্ব আইনের বিরোধী হাওয়া : আপাতত স্থগিত ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ডিসেম্বর’১৯:-

ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর কাজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নবান্ন সূত্রের খবর, আপাতত এনপিআর-এ সায় নেই রাজ্যের। ২০২১ সালের জনগণনার সঙ্গেই হওয়ার কথা ছিল এনপিআর। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল রাজ্য সরকার৷

সোমবার দুপুরে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতায় কলকাতার রাস্তায় মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই নবান্নের অন্দরে এনপিআর-এর বিরোধিতায় নিয়েও গুঞ্জন তৈরি হচ্ছিল। সন্ধ্যা হতেই তা একেবারে স্পষ্ট হয়ে গেল। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জনগণনা সংক্রান্ত বিভাগ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়, রাজ্যে জনসংখ্যা নিবন্ধীকরণের কাজ স্থগিত রাখতে হবে। এ বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার এবং প্রত্যেক জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। তাতে বলা হয়েছে, এনপিআর তৈরি বা সংশোধনের কাজ আপাতত বন্ধ থাকবে। রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Leave a Reply

error: Content is protected !!