নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ আগস্ট’১৯:-

কথা দিয়েছিলেন, রাখলেনও। ২৪ ঘণ্টার মধ্যেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে আলিশায় আদিবাসী বাড়ি গিয়ে আশ্বাস দিয়েছিলেন ছাগল, হাস, মুরগি দেওয়ার। ২৪ ঘণ্টার মধ্যে আদিবাসী পরিবারগুলিতে ছাগল, হাঁস ও মুরগি তুলে দিলেন রাজ্যের প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। ঘটনার জেরে খুশির হাওয়া আদিবাসী পাড়ায়। ১২টি পরিবারের হাতে ছাগল, হাঁস ও মুরগি তুলে দেওয়া হয়েছে।
স্বপনবাবু বলেন, ‘গতকাল পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ আলিশা গ্রামের দাসপাড়ায একটি বাড়িতে ঢুকে বারান্দায় বসে এলাকার মহিলাদের সাথে নানা কথা জানতে চান। তখনই তাদের ছাগল, হাঁস ও মুরগি দিতে চান। ওনার নির্দেশ পেয়ে দাসপাড়ার বারোটি পরিবারকে একটি করে ছাগল ও ৫টি করে হাঁস–মুরগি তুলে দেওয়া হয়েছে। ওইদিকে মুখ্যমন্ত্রী তার দেওয়া কথা রাখায়, আনন্দে উচ্ছল আদিবাসী মহিলা ঝর্না রুইদাস। তার কথায়, ‘দিদি বলে গিয়েছিলেন ছাগল দেবেন। তাই তিনি ছাগল, হাঁস–মুরগি সবই দিয়েছেন। এজন্য আমরা খুব খুশি হয়েছি।