‘দিদিকে বলো’র পর এবার ‘চলো গ্রামে’ : গ্রামে গ্রামে গিয়ে রাত কাটাবে প্রশাসন : রাজ্যের নয়া নিদান |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ডিসেম্বর’১৯:-

 
‘দিদিকে বলো’র পর এবার ‘চলো গ্রামে’ । দলীয় নেতা কর্মীদের প্রতি আগেই নির্দেশ ছিল , তারা সে অনুযায়ী কাজও করে চলেছেন নিরলস ভাবে । এবার প্রশাসনিক কেস্ট বিষ্টু দের পালা । এবার থেকে জেলাশাসক সহ প্রশাসনের কর্তারা যাবেন গ্রামে । গ্রামে গিয়ে শুনবেন মানুষের অভাব-অভিযোগ,সেখানেই রাত কাটাবেন। মাসখানেক আগেই নবান্নে বৈঠক করে রাজ্যের শীর্ষ আমলারা জেলাপ্রশাসনের আধিকারিকদের এই নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যেই বীরভূম জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হয়েছে হুগলিতে। ধীরে ধীরে অন্যান্য জেলাতেও শুরু হবে বলে জানা গেছে । এই কর্মসূচীর শুরুতেই বলাগড় ব্লকে এই কর্মসূচি নিয়েছে হুগলি জেলা প্রশাসন। ওয়াকিবহাল মহলের মতে, আমজনতার মধ্যে সরকারি আধিকারিকদের কাজ নিয়ে অনাস্থা রয়েছে। আস্থা ফেরাতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই কর্মসূচির মাধ্যমেই স্বাস্থ্যসাথী, কৃষিবন্ধুর মতো সরকারি প্রকল্প গুলিতে এখনও যাঁরা নাম নথিভুক্ত করাননি, তাঁরা আপন গ্রামে বসেই নিজেদের নাম লেখাতে পারবেন। ডিএম-সহ সরকারিও আধিকারিকরা গ্রামে শিবির করে মানুষের অভাব-অভিযোগের কথা শুনে যেগুলি সমাধান সম্ভব, সেগুলি ওখানে বসেই মেটানো হবে। আর যেগুলির জন্য সময় লাগবে, সেগুলি লিপিবদ্ধ করে সমাধানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। প্রসঙ্গত , ইতিপূর্বে উত্তরের চা বলয়ে ‘ আপনার বাগানে প্রশাসন’নামক একই ধরনের কর্মসূচীতে নেমে বাগানে বাগানে গিয়ে কাজ করে সাফল্য পেয়েছে রাজ্য প্রশাসন ।

Leave a Reply

error: Content is protected !!