নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ ডিসেম্বর’১৯:-

এবারে বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। জানা গেছে, বছর ঘুরতেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বাড়বে কর্মীদের, সেইসাথে বেতন বাড়বে শিক্ষকদেরও। ইতিমধ্যে শিক্ষকদের বেতন নিয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে অতিথি শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণসময়ের শিক্ষকদের এক করে নাম দেওয়া হয়েছে স্টেট এডেড কলেজ টিচার। বৃদ্ধি করা হয়েছে বেতনও। আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারিভাবে বেতন বৃদ্ধি বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হল নবান্নের তরফে। কোন স্তরের শিক্ষকের কত বেতন, অবসরকালীন অর্থ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এইসব শিক্ষকরা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন বলে জানা গেছে। তবে কিছু পরিস্থিতিতে (কাজে অসন্তোষ, খারাপ রেকর্ড ইত্যাদি কারণে) তাঁদের চাকরি থেকে বরখাস্ত করতে পারবে পরিচালন সমিতি। নয়া বেতনক্রম আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে। এই আর্থিক সুবিধা পাবেন যেসব শিক্ষকরা চলতি বছরের ১৩ জুলাইয়ের আগে কর্মরত হয়েছেন।
