নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১নভেম্বর’১৯:-

ছবি সৌজন্য -অন্তর্জাল
আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে ইতিহাস গড়লেন হরিয়ানার বিস্ময়-শ্যুটার মনু ভাকের।বৃহস্পতিবারের পয়েন্ট টেবিলে মনুর মোট স্কোর দাঁড়ায় ২৪৪.৭। হিনা সিধুর পরে মনুই দ্বিতীয় ভারতীয় যিনি আইএসএসএফ বিশ্বকাপে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন। রাজ্যস্তরের ইভেন্টে তো বটেই ২০১৭ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন মনু। তৈরি হয় আত্মবিশ্বাসের পথ।
হরিয়ানার ঝাজ্জর জেলার গোরিয়া গ্রামের মেয়ে। ছোট থেকেই খেলাধূলায় দুরন্ত। বাবা রাম কিষাণ ভাকের মারচেন্ট নেভির চিফ ইঞ্জিনিয়ার। দাদু রাজকরণ সাহেব ছিলেন নাম করা শ্যুটার। ভারতীয় সেনার ৩ রেজিমেন্টের সদস্য। দাদুর থেকেই শ্যুটিংয়ে আগ্রহ তৈরি হয় মনুর। শুরু হয় প্রশিক্ষণ। গত বছর ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপ আয়োজিত হয়েছিল মেক্সিকোতে। সেখানে দু’বারের চ্যাম্পিয়ন মেক্সিকোর আলেজান্দ্রাকে হারিয়ে মাত্র ১৬ বছর বয়সে সোনা জিতে নেন মনু ভাকের। শ্যুটিং বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সোনাজয়ীর তালিকায় পাকাপাকিভাবে লেখা হয়ে যায় তাঁর নাম। এবার শুটিং বিশ্বকাপে ইতিহাস গড়লেন ১৭ বছরের মনু ভাকের।