নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ডিসেম্বর’১৯:-

কুয়াশার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত দুই। ঘটনাটি ঘটেছে, পাঁশকুড়া থানার যশোর ও জিয়াখালি বাসস্ট্যান্ডের মাঝে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ ট্রাক ও তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই চালকের। জানা যায়, তেলের ট্যাঙ্কারটি ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে আসছিল ৷ আর স্টোনচিপ বোঝাই ট্রাকটি পাঁশকুড়া থেকে ঘাটালের দিকে যাচ্ছিল। সকালে কুয়াশার কারণে চালক কিছু বুঝে ওঠার আগেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে গাড়ি দুটির চালকের কেবিন দুমড়েমুচড়ে যায়। আটকে পড়েন দুই চালক। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। অনেক চেষ্টা করেও চালকে বাইরে বের করতে ব্যর্থ হলে, খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থানে আসেন পাঁশকুড়া থানার পুলিশ। ক্রেন দিয়ে দুমড়ে যাওয়া কেবিনের অংশ টেনে তুলে দুই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র বলেন, কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় । তবে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক । ঘণ্টা তিনেক বাদে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।
