বেআইনি কারবারের আঁতুড়ঘর : চৌবাগায় প্ল্যাস্টিকের গুদামে আগুন |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০:-

ফের বড়সড় অগ্নিকাণ্ড শহর কলকাতার বুকে। আগুন প্লাস্টিকের গুদামে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে আনন্দপুরের চৌবাগায় একটি প্লাস্টিকের গুদামে। পুরো গুদাম জুড়ে ছড়ানো ছিটানো দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে বিরাট আকার ধারণ করে ছড়িয়ে পড়ে লেলিহান অগ্নিশিখা। জানা গেছে, তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

সূত্রের খবর, শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ওই প্লাস্টিকের গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নিয়েছে গোটা গুদামটি। স্থানীয়রা দমকলে খবর দিতেই ঘটনাস্থলে আসে দমকলের ১১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও, এখনো চলছে কুলিং প্রসেস। অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ বেআইনিভাবে কাজ চলত ওই গুদামে, ছিল না কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা। দমকলকর্মীদের কথায়, গুদামে ছিল প্লাস্টিক ও রবারের জিনিস, এমনকী গুদামের বাইরেও ছিল প্লাস্টিকের জিনিস। ফলে সহজেই ছড়িয়ে পড়ে আগুন। তবে কীভাবে ওই গুদামে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!