নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ফেব্রুয়ারি’২০২০ :-

প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় যুবকের বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারল স্বামী। জানা গেছে, এক বছর আগে গোঘাটের বালি শিবকুঠি পাড়ার বাসিন্দা প্রতাপ মল্লিকের স্ত্রীর সাথে পালিয়েছিল পিন্টু রুইদাস নামে এক প্রতিবেশী। ফলে এক বছর ধরে প্রায়ই পিন্টু রুইদাস নামে ওই যুবকের বাবা-মায়ের সঙ্গে প্রতাপের অশান্তি হচ্ছিল। সেই আক্রোশের জেরেই বুধবার দুপুরে পিন্টুর বাবা রবীন্দ্রনাথ রুইদাসকে (৬০) বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল প্রতাপের মল্লিকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার শিবকুঠির মাঠে একটি কীর্তন উপলক্ষে গ্রামবাসীদের খাওয়ার আয়োজন হয়েছিল। দুপুরে রবীন্দ্রনাথবাবু সাইকেলে সেখানে যেতে গিয়েই আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরে নিহত রবীন্দ্রনাথ রুইদাস তৃণমূল কর্মী এবং অভিযুক্ত প্রতাপ মল্লিক বিজেপি কর্মী বলে রটে যাওয়ায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।
এক পুলিশ কর্তা জানান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে বৃদ্ধকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে। অভিযুক্ত প্রতাপ মল্লিক পলাতক। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতাপ বাঁশ দিয়ে মাথায় আঘাত করতেই রবীন্দ্রনাথবাবু সাইকেল থেকে পড়ে যান। বেশ জোরে তাঁর মাথায় আঘাত করা হয়েছে বলেই তিনি মারা যান বলে জানান তারা। সবাই যখন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যেতে ব্যস্ত হয়ে পড়েন, সেই সুযোগে প্রতাপ পালায়। বৃদ্ধকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।