নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

পারিবারিক অশান্তির জের। টোটো থেকে টেনে নামিয়ে খুনের চেষ্টা করা হলো স্ত্রীকে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। মঙ্গলবার প্রকাশ্যে রাস্তায় টোটো থেকে নামিয়ে নিজের স্ত্রীকে খুনের চেষ্টা করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানা এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরুপনগর থানার গয়েসপুর গ্রামের বছর বিয়াল্লিশের মোক্তার হোসেন মন্ডলের সঙ্গে তুহিনা বিবির বিয়ে হয় বছর ১৫ আগে। তাদের দুই মেয়ে ও এক ছেলে বর্তমান। গত এক বছর আগে পারিবারিক অশান্তির জেরে তুহিনা বিবি দুই মেয়ে ও ছেলে কে নিয়ে নিশ্চিন্তপুর বাপের বাড়িতে থাকতো। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ ছেলের আধার কার্ডের জন্য টোটো করে রুদ্রপুরে আসতেই মোক্তার হোসেন মন্ডল তার স্ত্রী তুহিনা বিবি কে রাস্তার উপর টোটো দাঁড় করিয়ে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। এরপর চিৎকার চেঁচামেচি তে এলাকার লোক জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আক্রান্ত তুহিনা বিবিকে প্রথমে রুদ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে প্রকাশ্য রাস্তায় নিজের স্ত্রী কে খুন করার চেষ্টা করলো অভিযুক্ত স্বামী সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।