তৈরি হয়েছে মাত্র ২ বছর : পপাতধরণীতল জলের ট্যাংক |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ডিসেম্বর’২০২০:-

তৈরির ২ বছরের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার জঙ্গলমহল সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া পঞ্চায়েতের ফতেডাঙ্গা এলাকায়। সূত্রের খবর, বুধবার দুপুর তিনটে নাগাদ মাত্র কয়েক মিনিটের মধ্যে আস্ত একটি জলের ট্যাঙ্ক আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। জানা যায়, বছর দুই আগে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের গড়গড়িয়া ও বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের একাংশে জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে ওই ওভার হেড ট্যাঙ্ক নির্মান করা হয়। প্রথমে গ্রাম বাসিন্দারা বিকট শব্দ শুনতে পান। এরপরই গ্রামের লোকজন শব্দ শুনে গ্রামের পাশের ফাঁকা জমিতে গিয়ে দেখেন ট্যাঙ্কটির পিলারের একাংশ ভেঙ্গে পড়ছে। এর কিছুক্ষনের মধ্যে পুরো ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। জল ভর্তি ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ায় আতঙ্কে শুরু হয় ছোটাছুটি।

স্থানীয় মানুষ আরও জানান, ঘটনার সময় ওই এলাকায় তেমন কেউ সম্ভবত ছিলেন না। ফলে হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই।জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, পুরো ঘটনার খবর পেয়েছি। তদন্ত চলছে। দোষীরা শাস্তি পাবে। এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনা কার ত্রুটিতে সংঘঠিত হয়েছে, তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ট্যাঙ্কটিতে সাত লক্ষ লিটার জল মজুত থাকত। তবে স্থানীয় মানুষের প্রয়োজনীয় জল সরবরাহে কোনো অসুবিধা হবে না। সরাসরি পাম্প থেকে জল সরবরাহ করা হবে।
তবে হঠাৎ কেন এই জলের ট্যাঙ্কটি এমনভাবে ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে জনস্বাস্থ্য কারিগরী দপ্তর।

Leave a Reply

error: Content is protected !!