নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

শাওয়ারের সঙ্গে বেল্ট গলায় পেঁচিয়ে ঝুলছে পঞ্চম শ্রেণীর ছাত্রর দেহ, তার জেরে শোকের ছায়া বৈকুণ্ঠ চ্যাটার্জী লেনে। ঘটনাটি ঘটেছে, হাওড়া ৬ নম্বর বৈকুণ্ঠ চ্যাটার্জী লেনে। সূত্রের খবর, প্রতিদিনের মতো মঙ্গলবারও পঞ্চম শ্রেণীর ছাত্র প্রত্যুষ স্কুল থেকে বাড়ি ফিরে ইউনিফর্ম ছেড়ে বাথরুমে স্নান করতে ঢোকে। অনেকক্ষণ সময় পার হয়ে গেলে, প্রত্যুষের মা কাঞ্চন জয়সওয়াল বাথরুমে ডাকাডাকি করলেও প্রত্যুষের সাড়া না মেলায় দরজা ভেঙে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে প্রত্যুষকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে । সেখানে চিকিৎসকরা প্রত্যুষকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় পুলিশকে।
পুলিশ সূত্রের খবর, প্রত্যুষ একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়াশোনা করত। কার্টুন দেখতে সে ভালোবাসতো। ছাত্রটির পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে কার্টুন দেখে নকল করতে গিয়ে প্রত্যুষের এই অবস্থা হয়েছে। এই দাবী খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যুষের পরিবারকে। মঙ্গলবার দুপুরে পুলিশ হাওড়া হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে । প্রত্যুষের মৃত্যুতে ৬ নম্বর বৈকুন্ঠপুর এলাকায় শোকের ছায়া। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ।