নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

টলিউড অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তাপস পালের অন্তিম যাত্রায় মানুষের ঢল নামল মহানগরের রাস্তায় । তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তাঁর রাজনীতি ও অভিনয় জগতের সহকর্মীবৃন্দ । শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । এছাড়াও উপস্থিত ছিলেন মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম, টালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সহ আরও অনেকে ।
টলিউডের কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা শংকর চক্রবর্তী, ভরত কল, অরিন্দম গাঙ্গুলি, অভিনেত্রী রচনা ব্যানার্জী, পরিচালক হরনাথ চক্রবর্তী প্রমুখ ।
১৯৮০ সালে ‘দাদার কীর্তি’ ছায়াছবি দিয়ে অভিনয়ের সূচনা তাঁর । তারপর আর থেমে থাকতে হয়নি । পরপর প্রচুর ছবিতে কাজ করেছেন তাপস পাল । জুটি বেঁধেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়ের মত দাপুটে অভিনেত্রীদের সাথে । তাঁর অভিনীত হিন্দি ছবি ‘অবোধ’ এ আত্মপ্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত ! তারপর সময় পাল্টেছে । চলচ্চিত্র ছেড়ে রাজনীতির ময়দানে নামেন তিনি । সেখানেও নেহাত বিফল হননি তাপস পাল । বিধায়ক হয়ে সামলেছেন চন্দননগরের দায়িত্ব ।
তবে কিছুদিন থেকেই স্বাস্থ্য কিছুটা ভেঙে পড়ে তাঁর । গতকাল ৬১ বছর বয়সে জীবনাবসান হয় বাঙালি অভিনেতার । তাঁরই অন্তিম যাত্রায় সামিল হয়েছেন বন্ধু ও সহকর্মীরা ।