নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০ জানুয়ারি’২০২০ :-

স্ত্রী ও শিশুসন্তানকে খুন করে বাড়িতেই কবর দেওয়ার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক ব্যক্তির বিরুদ্ধে। আকবর আলম নামে ওই ব্যক্তির ওপর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে প্রায়ই তিনি স্ত্রী নূরজাহান ও শিশুসন্তান রিজওয়ানের উপর প্রায়ই অত্যাচার চালাতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা তার বাড়িতে কবরের মতো উঁচু মাটি দেখে সন্দেহ করেন এবং গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে, আকবর আলম তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে বাড়িতেই কবর দিয়ে দিয়েছেন। আকবর আলম বাড়িতে না থাকায় স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। অনেকক্ষণ যাবৎ আকবরের খোঁজ চালিয়ে তাকে না পেয়ে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিসবাহিনী। স্থানীয়দের দাবীতে সন্দেহভাজন ওই কবর খুঁড়ে দেখার সিদ্ধান্ত নেয় ইসলামপুর থানার পুলিস। জেলাশাসক ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়তেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে আকবরের স্ত্রী নূরজাহান ও সন্তান রিজওয়ানের দেহ। এই ঘটনায় দোষী আকবর আলমের অবিলম্বে গ্রেফতারির দাবী করছে এলাকাবাসী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।