নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম , ২০ ডিসেম্বর’১৯ :-

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের আত্মহত্যা। বাবার সাথে ভিডিও কল চলাকালীন নয় তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা নিয়ে রহস্য দানা বাঁধছে । । পুলিশ জানায়, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের এক ছাত্র তার বাবার সাথে ভিডিও কলে কথা বলার সময় তার বাবাকে বলে যে সে মরতে চলেছে এবং এটি বলার পরেই সে নয় তলা বিল্ডিং থেকে লাফ দেয়।
সুজন সামন্ত নামের ওই ছাত্র আসানসোলের বাসিন্দা ছিল এবং গরফা তে ঘর ভাড়া নিয়ে থাকত।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১০ মিনিট নাগাদ সুবর্ণ জয়ন্তী এবং পিজি আর্টস বিল্ডিং এর মাঝের রাস্তায় তার দেহ পাওয়া যায়।
কিছুক্ষনের মধ্যেই সেখানে বিল্ডিং এর গার্ড এবং ছাত্রছাত্রীরা জড়ো হয়ে যায়। সুজনের পরিচয় জেনে তার বাবা এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে টালিগঞ্জ এর এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
তার বাবা বলেন, “এরকম পদক্ষেপ নেওয়ার আগে সে আমাকে ভিডিও কল করেছিল এবং সে তার জীবন শেষ করে দেওয়ার ইচ্ছা জানায়” ।
পুলিশ বলে, “সুজন সামন্ত মানসিক অবসাদে ভুগছিল। এর আগেও সে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল”।
