নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য -অন্তর্জাল
সারা দেশ জুড়ে যখন অক্সিজেনের অভাব, খোলা হচ্ছে অক্সিজেন পার্লার। ঠিক সেইসময় খুঁজে পাওয়া গেলো এমন একটি স্কুল, যেখানে গেলে পাওয়া যাবে শুদ্ধ অক্সিজেন। পুরো স্কুল যেন অক্সিজেন সংরক্ষণের কারখানা। স্কুলটি হলো গ্রামীণ হাওড়ার নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ। সবুজে পরিপূর্ণ এই স্কুল যেনো শান্তির নীড়। শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে স্বাস্থ্য, তাই শিক্ষাঙ্গনে স্বাস্থ্যকর সবুজ নির্মল পরিবেশ গড়ে তুলেছে শ্যামপুর-২ ব্লকের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ।
সূত্রের খবর, স্কুলচত্বর জুড়ে দারুন সুন্দর পরিবেশ গড়ে তোলার সাথে সাথে বিভিন্ন সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে। আছে জল সংরক্ষণের জন্য বৃষ্টির জল পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা। আরো জানা গেছে, একাদশ শ্রেণীর পড়ুয়ারা নিজেহাতে সমস্ত কাজকর্ম করেছে। বিদ্যালয় চত্বরে রয়েছে ৪ ফুট গভীরতার ছোটো কৃত্রিম পুকুর, রয়েছে ব্যাঙাচি, ছোটো মাছ। এরসাথে প্লাস্টিকের পুর্নব্যবহার সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হয়েছে বোটল ব্রিকস, তারমধ্যে গাছ বসিয়ে বিদ্যালয় চত্বরে সৌন্দর্যায়নের কাজ চলছে বলে জানা গেছে। এছাড়াও কিচেন গার্ডেনে চাষ হচ্ছে বেগুন, শাক, ঢ্যাঁড়স, লঙ্কাসহ বিভিন্ন সব্জি, যা মিড-ডে-মিলের রান্নার কাজে ব্যবহৃত হয়।
