‘আমি মর্মাহত’ , ঘেরাও গাড়িতে বসেই অসহায় ট্যুইট : ফের বিক্ষোভের মুখে রাজ্যপাল |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ ডিসেম্বর’১৯:-

সোমবারের পর ফের মঙ্গলবার । খবরে রাজ্যপাল । খবরে যাদবপুর । আবারও আটকে দেওয়া হলো রাজ্যপাল জগদীপ ধনকড়ের গাড়ি। তাকে ঢুকতে দেওয়া হলো না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সোমবারও একই ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি, মঙ্গলবার ফের একই ঘটনা। বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে গেছিলো রাজ্যপালের গাড়ি, একটু এগোনোর পরেই তৃণমূল সমর্থিত শিক্ষাকর্মী সংগঠন রাজ্যপালের গাড়ি আটকে দেয় বলে জানা গেছে। তাঁকে ‘গো ব্যাক স্লোগান’ দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখানো হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, নিজেদের অবস্থান থেকে নড়তে রাজি নয় ওই শিক্ষাকর্মীরা। তাদের তরফে স্পষ্ট দাবি যে, তাঁরা কোনোভাবেই মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে যেতে দেবেন না। সেইসঙ্গে তাঁদের অভিযোগ, রাজ্যপাল এনআরসি, ক্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা রাজ্যের মানুষের জন্য সুখকর নয়। রাজ্যপাল ‘পদ্মপাল’-এ পরিণত হয়েছেন , এমনটাই বলছেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রী রা ।

অন্যদিকে রাজ্যপালের থেকে পুরস্কার নিতে অস্বীকার করেছেন পড়ুয়ারা। রাজ্যপালের থেকে পুরস্কার নেবে না বলে জানিয়েছে তারা। সেইসঙ্গে রাজ্যপালকে বয়কটের ডাক দিয়েছে পড়ুয়ারা। যদিও বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে আচার্যের ক্ষমতা খর্ব করে সম্প্রতি নতুন বিধি কার্যকর করেছে রাজ্য সরকার। তবু আগের বিধি মেনে সমাবর্তনে আচার্য হিসেবে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। তাতে বাধ সাধলো পড়ুয়াদের মত।

প্রসঙ্গত, ঘটনার জেরে রাজ্যপাল গাড়িতে বসেই পরিস্থিতির কথা টুইটারে লিখেছেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করতে আসলেও আমাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমি খুব মর্মাহত এই ঘটনায়।’

Leave a Reply

error: Content is protected !!