নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩অক্টোবর’১৯:-

অসহ্য জ্বালায় ছেলে খুন করল বাবাকে। ঘটনাটি ঘটেছে, রাজারহাট থানার অন্তর্গত নবাবপুরের মুন্সিপাড়া এলাকায়। সূত্রের খবর, শনিবার গভীর রাতে নুরুল আলি তরফদার নামে ব্যক্তিটিকে নিজের ছেলে খুন করেছে। জানা যায় দিনের পর দিন মদ্যপ অবস্থায় মায়ের উপর অত্যাচার মুখ বুজে সহ্য করত ছেলে। তার ফলে ছেলে ভেতরে ভেতরে মায়ের অত্যাচার দেখে ফুঁসছিলো। শনিবার রাতে অশান্তি চরমে পৌঁছলে, সহ্য করতে না পেরে বাবাকে প্রথমে কুড়ুল দিয়ে বুকে ও গলায় আঘাত করে। শেষে মৃত্যু নিশ্চিত করতে পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবাকে খুন করে রাজারহাট থানায় গিয়ে পৌঁছায় বছর ষোলোর কিশোর। প্রথমে পুলিশ বিশ্বাস করতে পারেনি। তারপর রক্তমাখা হাত দেখে ছেলেটিকে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখে, ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় মৃত নুরুল আলীর দেহ পড়ে আছে। পাশে রক্তাক্ত কুড়ুল সহ পাথরটি। ঘটনার খবর ছড়াতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত নুরুল আলীর দেহটি উদ্ধার করে আরজি মেডিকেল কলেজ হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ষোলো বছরের কিশোরকে আটক করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।