নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ডিসেম্বর’২০২০:-

মর্মান্তিক পরিণতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বানেশ্বরপুরে একটি কেজি স্কুলে। সূত্রের খবর, রবিবার উস্তিতে আত্মীয়ের বাড়ির কাছে একটি কেজি স্কুলে পিকনিকের আয়োজন করা হয়েছিল। পিকনিক চলাকালীনই স্কুলের ছাদে উঠে যায় কয়েকজন। সেখানেই ছিল বিদ্যুতের হাইটেনশন তার। পিকনিকে যখন খাওয়া-দাওয়ার তোড়জোড় চলছিল তখন ছাদে হইহুল্লোড়ের মাঝে কোনওভাবে সেই তারে হাত লেগে যায় রেজাউল মোল্লা এবং গফফার মোল্লার। ছেলে রেজাউল ও ভাইপো গফ্ফরকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মফিজুল মোল্লা নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দা উদ্ধারকারীদের একজন আব্দুর রউফ বৈদ্য জানিয়েছেন, তিনজনকেই উদ্ধার করে সঙ্গে সঙ্গে বানেশ্বরপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা রেজাউল ও গফফরকে মৃত ঘোষণা করেন। অত্যন্ত সংকটজনক অবস্থায় মফিজুলকে ভরতি করা হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় তাঁরও। ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমেছে। তাঁদের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। যদিও স্কুলে পিকনিক ও ছাদে ওঠার অনুমতি কে দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
