সর্ষের মধ্যেই ভূত : মালখানা থেকে গায়েব আগ্নেয়াস্ত্র : ধৃত কর্মরত এ এস আই |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ডিসেম্বর’২০২০:-

মালখানা থেকে উধাও ১৮টি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার
এএসআই। সূত্রের খবর, থানার মালখানা থেকে ১৮টি বন্দুক চুরির অভিযোগে বুধবার জামবনি থানার এক সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম তারাপদ টুডু। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের জামবনি থানায় কর্মরত তারাপদ টুডু। এরআগে লালগড় থানায় এএসআই পদে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, সেইসময়ই লালগড় থানা থেকে ১৮টি বন্দুক চুরি করেন তিনি। উল্লেখ্য, অভিযুক্ত তারাপদ টুডু-ই ছিলেন থানার মালখানার দায়িত্বে। শুধু তারাপদ টুডু-ই নয়। থানা থেকে বন্দুক চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ৩ জনকে।

২০০৮ এর পরবর্তী সময়ে যখন জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন তুঙ্গে তখন তাদের হাত ধরে প্রচুর অস্ত্র ঢুকেছিল এই এলাকায়। লাগাতার অভিযানে তার একটা বড় অংশ বাজেয়াপ্ত করে পুলিশ। এই নিয়ে মামলা চলায় বিভিন্ন থানার মালখানায় রাখা ছিল এই সমস্ত অস্ত্র। তারাপদ নিজেই মালখানার দায়িত্বে থাকায়, বাজেয়াপ্ত অস্ত্রের হিসাবও রাখতেন তিনি। তবে তারাপদ জামবনিতে বদলি হওয়ার পর থানার মালখানার হিসেব দেখতে গিয়েই প্রকাশ্যে আসে অন্তত ১৮ টি বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রর হদিশ নেই মালখানাতে। মালখানার দায়িত্ব পান বিশ্বজিৎ পাঁজা। জেলা পুলিশের কর্তাদেরও বিষয়টি জানানো হয়। গোটা ঘটনার তদন্তের জন্য জেলা পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তে ধীরে ধীরে প্রকাশ্যে আসে তারাপদের ভূমিকা। জেলা পুলিশ চার জনকেই গ্রেফতার করেছে। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে, বিচারক সকলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ওই অস্ত্র কাদের কাছে পৌঁছেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!