নাতির বদলে ঘরে এলো নাতনি : অবসাদে আত্মঘাতী ঠাকুমা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩সেপ্টেম্বর’১৯:-

নাতির মুখ দেখবেন বলে সোনার লকেট বানিয়েছিলেন। নাতি না হয়ে নাতনি জন্ম নেওয়ায়, মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ঠাকুমা। ঘটনাটি ঘটেছে, নদিয়ার তেহট্টর বেতাইয়ের জিৎপুর এলাকায়। সূত্রের খবর, আন্না নামে ওই মহিলাটির আশা ছিল, বড়ো ছেলের ঘরে নাতি হবে। সেই ঠাকুমা মনে একরাশ আশা নিয়ে গত একমাস ধরে বিড়ি বাঁধার কাজ করে, সেই উপার্জনের টাকায় সোনার লকেট কিনে রেখেছিল নাতির মুখ দেখবে বলে। কিন্তু গত ১৪সেপ্টেম্বর বাড়ির বড়বউ তেহট্টর একটি হাসপাতালে এক ফুটফুটে শিশুকন্যার জন্ম দেন। গত শনিবারে বড়ো ছেলে শিশুকন্যা ও তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে, ওই মহিলা মানসিক অবসাদের জেরে নিজের ঘরে বিষ খান। তৎক্ষণাৎ পরিবারের লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে, রবিবার দুপুরে মারা যায় ওই মহিলা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যায়। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে।

Leave a Reply

error: Content is protected !!