নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬আগস্ট’১৯:-

অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া নতুন করে কোনো কর্মী নিয়োগ করতে পারবে না পৌরসভা গুলি। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, স্থায়ী-অস্থায়ী বা চুক্তিভিত্তিক যেকোনো কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রথমে অর্থ দপ্তরের অনুমোদন নিতে হবে। নিজের খুশিতে কাউকে নিয়োগ করতে পারবে না পৌরসভা। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিভিন্ন পৌরসভা গুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্রায়ই। এই ধারা বন্ধ করতে চায় রাজ্য সরকার। সরকার থেকে আসা উন্নয়নের টাকা দিয়ে অস্থায়ী কর্মীদের বেতন দেওয়া হয় বলে অভিযোগ অনেক দিনের। নবান্ন জানিয়েছেন, এরপরেও এমন ঘটনা ঘটলে, বন্ধ করে দেওয়া হবে উন্নয়নের জন্য বরাদ্দ টাকা।পূর্বাভাস আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে। মুখ্যমন্ত্রীর ক্ষোপ প্রকাশ করার পর, নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি।
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক দুই বছরের মধ্যে যে সমস্ত অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে, তাতে যদি অর্থ দপ্তরের অনুমোদন না থাকে, সেই নিয়োগ বেআইনি ঘোষণা করা হবে। সূত্রের খবর কাজ হারাতে চলছে বাংলার কয়েক হাজার অস্থায়ী কর্মী। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।নিয়োগ বেআইনি হলে অস্থায়ী কর্মীদের কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে?