নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ডিসেম্বর’১৯:-

গলা কেটে নৃশংস ভাবে হত্যা এক বৃদ্ধাকে। ঘটনাটি ঘটেছে, গড়িয়াহাট থানা এলাকার গড়চা ফার্স্ট লেনের একটি বাড়িতে।সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে উর্মিলা ঝুন্ড নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার গলাকাটা, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ওই বাড়িতে যান পরিচারিকা ।বহুবার ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি তিনি। এরপরই পাড়া-প্রতিবেশীদের জড়ো করেন বাড়ির সামনে। প্রতিবেশীরা জানলার পর্দা সরিয়ে দেখতে পান, খাটের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় উপুড় হয়ে পড়ে রয়েছেন উর্মিলাদেবী। গোটা ঘর লণ্ডভণ্ড। খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তে জন্যে। জানা গিয়েছে, উর্মিলাদেবীর দুই ছেলে। একজন থাকেন শিলিগুড়িতে, অপরজন গড়িয়াহাটের গড়চা ফার্স্ট লেনের এই বাড়িতে । এখানেই দীর্ঘদিন ধরে ভাড়া রয়েছেন ছেলে ও বৃদ্ধা মা। বুধবার সকালে মাকে বাড়িতে একাকী রেখে উত্তরবঙ্গে এক বিয়ের অনুষ্ঠানে গেলে, তার মধ্যেই ঘটে যায় এই মারাত্মক ঘটনা। মৃতা উর্মিলাদেবীর হাতে সোনার বালা সহ ব্যাগের ভিতরে থাকা দুটি দুশো টাকার বাণ্ডিল এখনও রয়েছে। সাধারণত ছিনতাই বা ডাকাতির উদ্দেশ্যে উর্মিলাদেবী খুন হলে দুষ্কৃতীরা এগুলি রেখে যেত না। ফলে উর্মিলাদেবীর খুনের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে বলেও পুলিশ গোয়েন্দাদের সন্দেহ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
