নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

বাঁদরের তাণ্ডবের জেরে জেরবার সাধারণ মানুষ। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম ব্লকের লোধাগুড়ি জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন যাবত এক বাঁদরের তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকা। বনদপ্তরের পক্ষ থেকে বাঁদরটিকে ধরার চেষ্টা করা হলেও কিছুতেই সেটি ধরা দিচ্ছে না বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাগল হয়ে গিয়েই এই ধরনের তান্ডব চালাচ্ছে বাঁদরটি।
সূত্রের খবর, বুধবার সকালে গোভীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, বাঁদরটিকে একটি কেকের টুকরো নিজের হাতে করে খাওয়াতে গেলে, বিধায়কের হাতে কামড়ে দেয়। অবশ্য পরে বিধায়ক ডক্টর দেখিয়ে ইঞ্জেকশন নিয়েছেন। আবার আরেক দিকে আর এক ব্যক্তির গায়ে হঠাৎ ঝাপিয়ে পড়ে কোমরে কামড়ে দেয়। তহিদুল শেখ নামে ব্যক্তিটির গায়ে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে, ব্যক্তিটির কানে কামড় দেয় যে একটুর জন্য কানটি ছিঁড়ে যায়নি।

বনদপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, বাঁদরটি বাইরের খাবার খাচ্ছে কিন্তু খাঁচার ভেতরে ঢুকে খাবার খাচ্ছে না। বাঁদরের অত্যাচারের জেরে লোধাগুড়ি এলাকায় দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী এমনকি বাসের চালকসহ যাত্রীরাও আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে। বনদপ্তর জানিয়েছেন ওই এলাকায় খাঁচা পাতা রয়েছে। যাতে বাঁদরটি খাঁচায় ধরা দেয় তার চেষ্টা চালানো হচ্ছে।