‘রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়’ : নাগরিকত্ব আইন বিরোধিতা কাছে আনল চিরশত্রু মোহনবাগান-ইস্টবেঙ্গলকে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ জানুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য – অন্তর্জাল

তেলে আর জলে কি মেশে কখনও ? সাপ ব্যাঙ পাশাপাশি হাঁটে ? ইস্টবেঙ্গল আর মোহনবাগান হাত মেলায় কখনও ? প্রথম দুইয়ের উত্তর নেতিবাচক বা নিদেনপক্ষে ‘ভাবনার বিষয়’ হলেও তৃতীয় প্রশ্নের উত্তর কিন্তু “হ্যাঁ” ! আজ্ঞে হ্যাঁ, ১০০ বছরের ইতিহাসে এই প্রথমবার দুই চির দুশমন দলকে একে অপরের পিঠ চাপড়াতে দেখা গেল । কারন ? বিতর্কিত নাগরিকত্ব ( সংশোধন ) আইনের বিরোধীতা !

শনিবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বছরের প্রথম ডার্বি ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের আনা টিফো এবং ব্যানার ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে । এই প্রথমবার ব্যানারে লেখা স্লোগানে শত্রু ক্লাবকে আক্রমন না করে সাম্প্রতিক সিএএ এবং এনআরসির বিরোধীতা করা হয়েছে ।

মোহনবাগান ক্লাব সমর্থকদের টিফোতে লেখা ” পলাশীর প্রান্তরে সূর্যাস্তের পর চোখে চোখ রেখে লড়াই শিখিয়েছি আমরাই ” ।অন্যদিকে, ইস্টবেঙ্গলের ব্যানারে জ্বলজ্বল করছে “রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়” । বলাই বাহুল্য, একেবারে সরাসরি না হলেও এইভাবেই সিএএ, এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে জানিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফুটবল ক্লাব ।

এদিনের খেলায় ২-১ গোলে জয়ী হয় মোহনবাগান | কিন্তু ব্যানারে লেখা ওই স্লোগানকে ইঙ্গিত করে ইস্টবেঙ্গলকে তারা তাদের প্রয়াসের জন্য সম্মান জানায় । অন্যদিকে, ইস্টবেঙ্গল সমর্থকরাও এইদিন জানায় যে, খেলায় দলের হেরে যাওয়ায় তারা বিচলিত নয় । মোহনবাগান সমর্থকদের অভিনব প্রয়াস তাদের হারের দুঃখ ভুলিয়ে দিয়েছে ।

সব মিলিয়ে বাংলার মাটিতে, খেলার মাঠে ঘটে গেল জাতীয় রাজনীতির বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ । অন্যদিকে বাংলার ফুটবলপ্রেমী মানুষ সাক্ষী থাকল দুই চিরশত্রু দলের ঐতিহাসিক মিলন মুহুর্তের !

Leave a Reply

error: Content is protected !!