নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ ডিসেম্বর’১৯:-

নড়েচড়ে বসলো রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষার মান বাড়াতে কড়া পদক্ষেপ আনা হলো শিক্ষকদের জন্য। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা প্রতিটি স্কুলে পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় বাধ্য করা হয়েছে প্রার্থনায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতি। এছাড়া সকাল ১১টা ৫ মিনিটের মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে না আসলেই তাঁদের উপস্থিতির রেজিস্ট্ৰারে লাল কালি পরবে, সেইসঙ্গে বিকেল সাড়ে ৪টের আগে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বেরোতে পারবেন না স্কুল থেকে। এছাড়া ক্লাসরুমে পঠনপাঠনের সময় শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, ক্লাসে আর শিক্ষক-শিক্ষিকারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। আগামী নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম লাগু করা হবে বলে জানা গেছে।
