নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

জেলা শাসকের বাংলো রূপ নিয়েছে পশুশালার। যেদিকে দুচোখ যাবে সেদিকেই দেখা যাবে ঘোড়া, বেমালুম ঘুরে বেড়াচ্ছে কুকুর, হাত-পা ছড়িয়ে হাই তুলছে বিড়াল। দেখলে মনে হয় পশুশালা। এমনটাই দেখা যাচ্ছে কলকাতায় দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের বাংলোতে। পুরো বাংলো জুড়ে ঘোড়া-কুকুর-বিড়ালের শান্তিপূর্ণ সহাবস্থান।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর মুর্শিদাবাদের জেলাশাসক পি উলগানাথন বদলি হয়ে দক্ষিণ ২৪ পরগনায় আস্তে জেলাশাসকের বাংলোতে আগমন ঘটে পশুপাখির দলের। বর্তমানে সেখানে রয়েছে দু’টি ঘোড়া, দেশি ও বিদেশি গোটা কুড়ি কুকুর ও ২০-২২টি বিড়ালসহ, বেশকিছু পাখি আর সাথে রয়েছে কয়েকটি ছাগল।
জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, উলগানাথন যখন মুর্শিদাবাদে ছিলেন, তখন তাঁর সরকারি বাসভবনে থাকা পশুপাখি গুলোই বদলির পরে এখানে আনা হয়েছে। জানা গেছে যে, জেলাশাসকের স্ত্রী মেঘা মেহতা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার। এবিষয়ে জেলাশাসক উলগানাথন বলেন, ‘‘আমার স্ত্রীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। অসুস্থ পশুপাখিদের চিকিৎসা করে। ওটা ওর ব্যক্তিগত বিষয়। ধীরে ধীরে সব পশুপাখিকেই অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।’’