নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

মায়ের মৃতদেহ আগলে রয়েছে ছেলে। ফের রবিনসন স্ট্রিটের ছায়া দেখা গেল। ঘটনাটি ঘটেছে, কলকাতার লেকটাউন থানার অন্তর্গত তিন নম্বর পল্লীশ্রী পল্লীতে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে পল্লিশ্রী পল্লীর প্রতিবেশীরা দুর্গন্ধ পাচ্ছিলেন কমলা দেববর্মন(৭৫) নামে এক মহিলার ঘর থেকে। সেই সময় প্রতিবেশীরা কমলাদেবীর ঘরে জানালা দিয়ে দেখেন, মায়ের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে, আর তার একমাত্র ছেলে শুভ মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছে। প্রতিবেশীরা খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কমলাদেবীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
সূত্রের খবর, কমলাদেবীর স্বামী কাশিপুর গান এন্ড সেল ফ্যাক্টরিতে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর পেনশন দিয়েই সংসার চলছিল। তার একমাত্র ছেলে শুভ কোন কাজকর্ম করতেন না। প্রতিবেশীরা জানায় ছেলে প্রায় প্রতিদিনই নেশা করে ঘরে এসে মায়ের সাথে ঝগড়া করতেন। কমলাদেবীর কান্নার আওয়াজ প্রতিবেশীরা শেষবারের মতন শুনেছিলেন। ইতিমধ্যে ছেলে শুভকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
