নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ সেপ্টেম্বর’১৯:-

মেট্রোর কাজের জেরে ফাটল ধরেছে অনেক বাড়িতে। বৌবাজারে বাড়ি ভাঙা নিয়ে নবান্নে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই কাজ করা উচিত এবং ভবিষ্যতেও সেভাবেই কাজ করতে হবে। মঙ্গলবারও নতুন করে দুটি বাড়িতে ফাটলের খবর সামনে এসেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষ বিপদে পড়েছেন, কার ভুল দেখার সময় এটা নয়। যাঁরা ঘরছাড়া, তাঁদের পুনর্বাসন নিয়েই বৈঠক করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, এই ক্ষতির ফলে রেলওয়ে যেমন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, তেমনই রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের হাতে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেবে।