নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮নভেম্বর’১৯:-

বাবার কোনো খোঁজ নেই , ব্রেন স্ট্রোকে আক্রান্ত মা । মায়ের চিকিৎসা করতে না পেরে আত্মঘাতী ছেলে। মর্মান্তিক বললেও কম বলা হয় । ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪পরগনার দেগঙ্গা থানার হাদিপুর অঞ্চলের দেওয়ানঅটি স্টেশন পাড়ায়। সূত্রের খবর, সোমবার সকালে স্থানীয় লোকজন কৃষ্ণ মন্ডল নামে যুবকে ঘরে ঝুলন্ত দেহ দেখতে পায়। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান।
জানা যায়, নয় মাস আগে বাবা সমীর মন্ডল নিখোঁজ হয়ে যাওয়ার কারণে, কৃষ্ণ মন্ডলের মা নমিতা মন্ডল ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। যারফলে ছেলে কৃষ্ণ মন্ডলের ওপর বাড়ির যাবতীয় দায়িত্ব এসে পড়ে। ছেলে কৃষ্ণ মন্ডল কর্মসূত্রে বাইরে থাকতেন । দু’মাস আগে মায়ের দেখাশুনার জন্য বাড়িতে চলে আসেন। চিকিৎসার পয়সা জোগাড় করতে হিমশিম খেয়ে যায় ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, সে কারণেই রবিবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন যুবক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।