নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪নভেম্বর’১৯:-

ডাইনোসরের কঙ্কাল ! তাও এক বেওয়ারিশ বাড়ির মেঝেতে অতি যত্নে সাজিয়ে রাখা ! এমন ঘটনাই থমকে দিয়েছে চাক্ষুস দেখা স্থানীয় বাসিন্দাদের । এবং উত্তর খুঁজছে পুলিশ , মাথা গলিয়েছে বিশেষজ্ঞ মহল ।
সূত্রের খবর , পরিত্যক্ত একটি বাড়ি থেকে মিলেছে আস্ত ডাইনোসরের কঙ্কাল। ঠিক ডাইনোসর নয় , অনেকটা টি-রেক্সের আকার স্পষ্ট উদ্ধারকৃত কংকালটিতে । ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার আমডাঙার একটি বাড়িতে। সূত্রের খবর, আমডাঙার একটি মাঠে কিশোররা বল নিয়ে খেলছিল। হঠাৎ মাঠের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে বলটি চলে যায়। বলটিকে উদ্ধার করতে তারা যখন বাড়ির ভিতরে ঢোকে তখন কঙ্কালটি দেখতে পায়। প্রথমে ভয়ে বাড়ি থেকে তারা বেরিয়ে আসে। পরে আবার সাহস করে গিয়ে মোবাইলে ফটো তুলে অন্যদের দেখায়। ডাইনোসরের কঙ্কাল উদ্ধার হওয়ার খবর পেয়ে রবিবার সকাল থেকে আমডাঙা থানার উত্তর বোদাই গ্রামের ওই বাড়িটিতে পুজো মণ্ডপের মতো কাতারে কাতারে লোক আসতে শুরু করে। কঙ্কালটি দেখতে ডাইনোসরের মতন । অবশ্য কঙ্কাল দেখতে আসা স্থানীয় বাসিন্দাদের ভিন্ন ভিন্ন মত। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য, আমডাঙ্গার এই বাড়িটি আঙুরবালা ঘোষের বাড়ি। এক বছর আগে আঙুরবালা মারা যান, তারপর থেকে বাড়িটি খালি পড়ে রয়েছে। আমডাঙা থানা সূত্রে খবর, কঙ্কালটি কীসের তা জানার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে ওই ছবিগুলি পাঠানো হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।