নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩অক্টোবর’১৯:-

ছেলের জন্মদিন, মা ছেলের সাথে দেখা করতে এলে, স্বামী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করলো স্ত্রীকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ২৪ পরগনার মহেশতলা থানার মেহমান পুরের রামকৃষ্ণপল্লীতে। সূত্রের খবর, শনিবার রাতে স্ত্রী মধুমিতা তার দুই দিদির সাথে নিজের ছেলের সাথে দেখা করতে আসলে, আচমকা স্বামী শিবু কর্মকার ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। চিৎকার-চেঁচামেচিতে পাড়া-প্রতিবেশীরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মধুমিতা পড়ে আছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মধুমিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
জানা যায়, শিবু কর্মকারের সাথে মধুমিতার সতেরো বছর আগে বিয়ে হয়েছিল। তাদের বারো বছরের একটি পুত্র সন্তানকে নিয়ে স্বাভাবিক ছন্দেই সংসার চলছিল। সম্প্রতি শিবু তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে। সন্দেহের জন্যে সম্পর্কে ক্রমশ দূরত্ব বাড়তে থাকায় তিনমাস ধরে দুইজন আলাদা থাকতে শুরু করে। ছেলে বাবার সাথেই থাকতো। মধুমিতা একটি হসপিটালে নিরাপত্তা রক্ষীর কাজে যুক্ত ছিল। এক দিদির বাড়িতে মধুমিতা থাকতো। রবিবার ছেলের জন্মদিন থাকার কারণে শনিবার রাতে দুই দিদিকে সঙ্গে নিয়ে মধুমিতা ছেলের সাথে দেখা করতে আসেন। তখনি ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত স্বামী শিবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।