মন নেই পড়াশোনায়, ধ্যানজ্ঞান ফুটবল : গঞ্জনায় আত্মঘাতী ইস্টবেঙ্গল সাবজুনিয়র দলে ডাক পাওয়া ষষ্ঠশ্রেণীর রোহন |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯নভেম্বর’১৯:-

ফুটবলে তুখোড়, কিন্তু পড়াশুনায় শুনতে হতো গঞ্জনা । সে অভিমানেই আত্মহত্যা করলো বছর বারোর ছাত্র। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার বছর বারোর রোহন ঝুলন্ত দেহ ঘরের মধ্যে দেখতে পায় পরিবারের লোকেরা। জানা যায়, দক্ষিণ কলকাতার নাকতলা হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র রোহন, ফুটবলই ছিল তার কাছে ধ্যানজ্ঞান। সম্প্রতি ডাক পেয়েছিল ইস্টবেঙ্গল সাব জুনিয়র টিমেও। কিন্তু পড়াশোনায় আগ্রহ ছিল না তেমন। রোহনের বড়ো দাদা পড়াশোনায় ভালো থাকার কারণে, রোহনকে তার দাদার সঙ্গে সব সময় তুলনা করা হতো। স্কুলের তরফেও অভিভাবকদের কাছে পড়াশোনা নিয়ে অভিযোগ জানানো হয়। প্রতিবেশীরা জানাচ্ছেন, মঙ্গলবার সন্ধেতেও রোহনকে বাড়ির লোকজন বকাবকি করেছেন। এর পরেই দোতালায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রোহন। রাত্রি ন’টা নাগাদ তাকে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে, সন্দেহ হয় রোহনের বাবা-মায়ের। প্রতিবেশীদের সাহায্যে রোহনের দাদা দোতালার ঘরে বন্ধ দরজা ভেঙে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। গলায় জড়ানো ছিল মায়ের শাড়ি। তড়িঘড়ি  বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হসপিটালের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়। পুলিশ রোহনের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!