নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩অক্টোবর’১৯:-

ফের গণপিটুনির জেরে মৃত্যু হল এক ব্যক্তির। এবার ঘটনাটি ঘটেছে, হাওড়া সালকিয়া এলাকায়। সূত্রের খবর, রবিবার সকালে মালি পাচঁঘড়া থানায় খবর আসে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ রাস্তায় পড়ে আছে। ঘটনা খবর পাওয়া মাত্রই পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে যায়। আনুমানিক বছর পঁয়ত্রিশের ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়।
জানা যায়, দেহ উদ্ধারের পরে তদন্তের স্বার্থে সেই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ থেকে জানা যায় পাঁচ থেকে ছয় জনের একটি দল, গাছে বেঁধে ব্যক্তিটিকে শনিবার রাতে মারধর করেন। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের হদিস মিলবে বলে আশা করছেন পুলিশ।
কিন্তু সত্যিই কি চোর সন্দেহে গণপিটুনি ঘটনা এখনও নিশ্চিত নয় পুলিশের কাছে। ব্যক্তিটি যেখানে পাওয়া গিয়েছে তার ঠিক পাশে একটি গুদাম আছে। সেই গুদামের লোকের আনাগোনা লেগেই থাকত। সেখানেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তদন্তের স্বার্থে। মৃত ব্যক্তিটির পরিচয় এখনো জানা যায়নি। মৃত ব্যক্তির পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।