নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’১৯:-

গঙ্গাসাগর মেলায় পূন্যার্থীদের সুবিধার্থে নিখরচায় এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে রাজ্য সরকার।গঙ্গাসাগর মেলায় প্রতি বছর দেশের কোটি কোটি মানুষের পাশাপাশি অনেক বিদেশী পূন্যার্থীও এই মেলায় আসেন। এতদিন অসুস্থ হয়ে পড়া পূন্যার্থীদের দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য হেলিকপ্টার পরিষেবা দেওয়া হত৷ উল্লেখ্য, কুম্ভমেলা সহ দেশের বড় মেলাগুলিতে গত কয়েক বছর ধরেই পূন্যার্থীদের জন্য এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করা হয়েছে। এবার রাজ্য সরকার এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রাজ্যের পরিবহণ দফতর টেন্ডার ডেকে ফেলেছে৷ ২০২০ সালের মেলা চলাকালীন ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি অর্থাৎ ৮দিনের জন্য দুটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া নেওয়া হবে। জানা যায়, ডুমুরজলা স্টেডিয়ামে রাজ্য সরকারের যে হেলিপ্যাড আছে সেখানেই রাখা থাকবে এয়ার অ্যাম্বুল্যান্স৷ প্রস্তুত রাখা হবে বেহালা বিমানবন্দরও। এছাড়া যাতায়াতের জন্য থাকছে পরিবহণের নানা উপায়। গঙ্গাসাগর মেলাকে আধুনিক মানের করে তুলতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
