নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪অক্টোবর’১৯:-

দুটি বাসের রেষারেষির জেরে, গুরুতর আহত একটি শিশু। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ মাটিয়ালিতে ৩১নম্বার জাতীয়সড়কের, মৌলানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ ময়নাগুড়ির থেকে লাটাগুড়ির দিকে যাচ্ছিল একটি বাস। তার পিছনে ছিল অন্য আর একটি বাস। দুটি বাসের রেষারেষির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আড়াই বছরের একটি শিশুকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় শিশুকে ময়নাগুড়ি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতাল পাঠিয়ে দেন। জানা যায়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, উত্তেজিত জনতা বাসদুটিতে ভাঙচুর চালায়। ঘটনার জেরে কিছুক্ষনের জন্যে যান চলাচল ব্যাঘাত ঘটে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসের চালক সহ বাস দুটিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।