নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭সেপ্টেম্বর’১৯:-

মর্মান্তিক বাস দুর্ঘটনার আহত ৪০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর দীঘা জাতীয় সড়কের কাছে হেঁড়িয়া বাজারে। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়েদশটা নাগাদ হেঁড়িয়া বাজারের কাছে একটি বেসরকারি বাসের মুখোমুখি অন্য আরেকটি সরকারি বাস চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে, সংঘর্ষে প্রায় ৪৯ জন যাত্রী আহত হন। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষের বিকট আওয়াজের জেরে হেঁড়িয়া বাজার এলাকার স্থানীয়রা চমকে উঠে। ঘটনাস্থল থেকেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। কিছুক্ষন পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে ৪০ জন যাত্রীকে আহত অবস্থায় হেঁড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়। জানা যায় সরকারি বাসটি দীঘা থেকে ফিরছিল। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক কিছুক্ষণের জন্যে। পরে পুলিশের সহায়তায় দুর্ঘটনাগ্রস্ত দুটি বাসকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। জানা যায় দুটো বাসের চালক পলাতক। ইতিমধ্যে গোটা ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।

