নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো রাস্তার ধারে ধানের জমিতে, গুরুতর আহত পনেরো। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ভরতপুরের জোড়া বটতলা এলাকায়। সূত্রের খবর, শনিবার সকালে মুর্শিদাবাদ সালার থেকে কান্দির দিকে যাচ্ছিল একটি বাস। হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তার একটি ধানক্ষেতে পড়ে যায়। গুরুতর আহত হয় পনেরজন। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়ায়, তড়িঘড়ি উদ্ধার কাজে হাত দেন তারা।
খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে ভরতপুর ব্লক হাসপাতালে ভর্তি করে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তবে আহতদের সকলের পরিবারের নাম ও ঠিকানা জানা যায়নি। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।