নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ডিসেম্বর’১৯:-

বুলবুলের জেরে ক্ষতিগ্রস্ত দের জন্য ১২০০ কোটি টাকার তহবিল তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বুলবুলের জেরে রাজ্যে মৃতের সংখ্যা ১৬জন বলে সোমবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়। পাশপাশি কেন্দ্রের তরফে কোনও আর্থিক সাহায্য এখনও না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসে হেলিকপ্টার করে এলাকা ঘুরে দেখেছেন আর তাঁদের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। তিনি আরো বলেন, বুলবুলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ধান, সবজি ঘরবাড়ি সব নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ ২৩৮১১.৬০ কোটি টাকা। আশা ছিল কেন্দ্রীয় সাহায্য পাবার। এও বলেন যে, বুলবুলের তাণ্ডবের পরের দিনই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার পাশে থাকার আশ্বাস দিয়ে টুইট করলেও কার্যক্ষেত্রে সাহায্যের হাত বাড়াল না কেন্দ্র। কোনও আর্থিক সাহায্য এসে পৌঁছায়নি নবান্নে, সেই ক্ষোভ চেপে রাখলেন না মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভা অধিবেশনে তৃণমূল বিধায়ক গীতারানি ভুঁইঞার প্রশ্নের উত্তরে এসব তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগে সরব হলেন।