নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

বিপজ্জনক বাড়ি মেরামত না করলে যেতে হতে পারে জেলে। এমনই আইন ছিল কলকাতা পুরসভার। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে এবার এই আইন কার্যকর করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, প্রায়ই বাড়ি ধসে পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। পুরসভা থেকে বিপজ্জনক বাড়ি মালিককে নোটিশ দেওয়া হলেও সেই নোটিশ অগ্রাহ্য করছে তারা। তাই এবার থেকে নোটিশ দেওয়ার সত্বেও যদি বাড়ি মেরামত বা না ভাঙ্গলে, পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা জরিমানা হতে পারে।
আরো জানা যায়, বিপজ্জনক বাড়ি ভেঙ্গে যদি কারো মৃত্যু হয় তবে বাড়ি মালিকের জেল হতে পারে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অতিরিক্ত বিপজ্জনক বাড়ি সংখ্যা হল হাজারের কাছাকাছি। এইসব নিয়ম লঙ্ঘনকারীদের আটক করতে সংসদীয় আইন আনতে উদ্যোগী হন পৌরসভা। শুক্রবার অধিবেশনে সেই আইনে সীলমোহর পড়ল।