নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম , ২৭ জানুয়ারি’ ২০২০ :-

প্রজাতন্ত্র দিবসের দিনে মোটরবাইকের রেসে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে, হুগলির সিঙ্গুরের মল্লিকপুর সেতুর ওপর। মৃতের নাম অজয় ঘোষ, তার বাড়ি উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার প্রজাতন্ত্র দিবসের সকালে ৮-১০ জন যুবক মোটরবাইক নিয়ে ব্যারাকপুর থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। কিন্তু সিঙ্গুরের মল্লিকপুর সেতুর ওপর এসে অজয় নামের যুবক মোটরবাইকের নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যান। বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে সিঙ্গুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষনের মধ্যেই মারা তিনি মারা যান। সিঙ্গুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় দের অভিযোগ, মোটরবাইক রেসের ফলে এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে এই সেতুতে। পুলিশের কড়া নজরদারি নেই বলেই দূর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। হুগলি জেলা পুলিশের এক আধিকারিক জানান, বাইকের রেস বন্ধ করার জন্য নজরদারি চালানো হচ্ছে।