নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ডিসেম্বর’১৯:-

প্রতিবেশীর বচসা থামাতে গিয়ে মৃত্যু হল দেড় বছরের সন্তানের মা। ঘটনাটি ঘটেছে, নদিয়ার ধুবুলিয়া থানার টিবি হসপিটালের ন’নম্বর গেট এলাকায়। সূত্রের খবর, রবিবার রাত তখন সাড়ে ন’টা, টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে স্বদেশ বিশ্বাস ও সোমনাথ বিশ্বাস দুই ভাইয়ের মধ্যে বচসা লাগে। সেই সময় প্রতিবেশী গৃহবধূ রুমা সরকার, তাঁর স্বামী ও শাশুড়ি বচসা থামাতে যান। আচমকা স্বদেশ বিশ্বাস তার পিস্তল থেকে গুলি করে, মাথায় গুলি লাগে রুমার। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রুমা। রুমাকে প্রথমে ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শান্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, তাদের গুলিতে এর আগেও দু’জনের মৃত্যু হয়েছে। জুয়ার বোর্ড বসিয়ে বন্দুক দেখিয়ে তারা রোজগার করে বলেও এলাকার লোকজন জানিয়েছেন। স্ত্রীর আচমকা মৃত্যুতে স্বামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর শাশুড়ি। প্রতিবেশীরা এখন ভাবছেন কী হবে বছর দেড়েকের ছেলেটির।
রুমার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে খোঁজা হচ্ছে।
