নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮নভেম্বর’১৯:-

হাত পা বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে বিডিও আবাসনে দুঃসাহসিক ডাকাতির ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, হাবড়া এক নম্বর ব্লকের বিডিও আবাসনে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত পৌনে তিনটে নাগাদ সরকারি বিডিও আবাসনে হানা দেয় ডাকাতরা। বিডিও শুভ্র নন্দী ও তাঁর স্ত্রীর হাত পা বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে লুঠপাট চালাল ডাকাত দল।
পুলিশসূত্রে জানা গেছে, শুভ্রবাবুর বাড়ির পিছনের দিকের কোলাপসিবল গেট ও কাঠের দরজার তালা ভেঙে ঘরে ঢোকে পাঁচ দুষ্কৃতী। আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল শুভ্রবাবু ও তাঁর স্ত্রীর। ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্র দেখিয়ে হাত পা বেধে ফেলে দুজনের। প্রাণে মারার হুমকি দিয়ে হাতিয়ে নেয় আলমারির চাবি। তারপর প্রায় একঘণ্টা ধরে তছনছ করে গোটা বাড়ি। জানা গেছে তিন চারটি সোনার চেন, নগদ প্রায় বারো হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তারা। পরে বিডিও ও তাঁর স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন আবাসনের নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে ছুটে আসেন হাবড়া থানার আইসি ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
শুক্রবার সকালে বিডিওর আবাসনে আসেন হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা। তিনি জানান, ভোজালি জাতীয় অস্ত্র ও প্রত্যেকের মুখই কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। হিন্দিতে কথা বলছিল তারা। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।